২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে
- আপডেট সময় : ০৪:৪২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে
আগামী ২ জুলাই থেকে শুরু হবে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার সব কয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, এইচএসসিতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সব ধরনের ব্যবস্থা করেছি। প্রত্যেকটা বোর্ডের একটা প্রতিযোগিতা থাকে, মূলত সেজন্য এমন সিদ্ধান্ত।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার সময় ঝড়, অতিবৃষ্টি, বন্যা অথবা যে কোনো দুর্যোগ হলে বিকল্প ব্যবস্থা রাখবো। প্রশ্নপত্র তো আগেই পৌঁছে যাবে। পরীক্ষার সময় সমস্যা হলে তার জন্য ব্যবস্থা আছে। এ নিয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন- আগামী ২০২৮ শিক্ষাবর্ষ থেকে সরকারি-বেসরকারি স্কুলে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ এ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। তারা সন্তানদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এখন থেকেই কোচিংয়ে পাঠাচ্ছেন।
বিষয়টি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কুলে ভর্তি পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এ ভর্তি পরীক্ষাটা হবে একটি নামমাত্র পরীক্ষা। এর জন্য কোচিং সেন্টারে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা ক্যাচমেন্ট এরিয়া এবং নামমাত্র পরীক্ষার সমন্বয়ে সবাইকে ভর্তির আওতায় নিয়ে আসবো। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী প্রমুখ।

















