শিরোনাম:
নাসিরনগরে হাওর এলাকায় ক্ষতিগ্রস্ত ১৯৮ কৃষকে নগদ অর্থ ও চাল বিতরণ
মোঃ আছমত আলী,
- আপডেট সময় : ১০:৩৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
নাসিরনগরে হাওর এলাকায় ক্ষতিগ্রস্ত ১৯৮ কৃষকে নগদ অর্থ ও চাল বিতরণ
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের মাঝে সরকারি সহায়তায় নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম. এ. হানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন।
সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের দুর্দশা লাঘব ও কৃষি কার্যক্রমে সহায়তা করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ১৯৮ জন কৃষকের প্রত্যেকের হাতে নগদ ৩ হাজার টাকা এবং ১৫ কেজি করে চাল তুলে দেওয়া হয়।
সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও ফসলের ক্ষতির কারণে অনেক কৃষক আর্থিক সংকটে পড়েছেন। এ ধরনের সরকারি সহায়তা তাদের পরিবার পরিচালনা এবং পরবর্তী কৃষি কার্যক্রমে কিছুটা স্বস্তি দেবে।
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন বলেন, হাওর এলাকার ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের তালিকা প্রণয়ন ও যাচাই-বাছাই শেষে নির্ধারিত কৃষকদের মধ্যে এ সহায়তা বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনরুদ্ধার ও কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সরকারি বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।










